উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বুধবার টাঙ্গাইলের মধুপুরে মধুপুর গড়াঞ্চলের গারো, কোচ ও বর্মণ জাতিগোষ্ঠীর উদ্যোগে পীরগাছা থাংয়ানি ক্রেডিট প্রাঙ্গণে এক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছলে আয়োজকরা তাদের প্রথাগত পদ্ধতিতে নেচে গেয়ে মন্ত্রীকে স্বাগত জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জন জেত্রা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, আদিবাসী জনগোষ্ঠীর জন্য এমন কিছু করতে চাই, যাতে তাঁরা আমাকে সারা জীবন মনে রাখেন। মধুপুরের গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নে তাঁদের সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
মন্ত্রী বলেন, আদিবাসী জনগোষ্ঠীর সমস্যা ও প্রত্যাশাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা জরুরি এবং এ জন্য তাঁদের দাবি ও সমস্যার বিস্তারিত তথ্য লিখিতভাবে উপস্থাপন করতে হবে। এসব তথ্য পর্যালোচনা করে তিনি প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে বিষয়গুলো তুলে ধরবেন, যাতে বাস্তবসম্মত সমাধানের পথ বের করা যায়। অনুষ্ঠানে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারসহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফকির মাহবুব আনাম আরও বলেন, আদিবাসী তরুণ-তরুণীদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং তাঁদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ করা হবে। ডিজিটাল ল্যাব স্থাপন, সড়ক যোগাযোগের উন্নয়ন ও মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণের মতো বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি।