উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডেমরা সেতুর এক্সপ্যানশন জয়েন্টের জরুরি মেরামতকাজের কারণে সেতু সংলগ্ন এলাকায় তীব্র যানজটের আশঙ্কা প্রকাশ করেছে হাইওয়ে পুলিশ। চরম ভোগান্তি এড়াতে যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার এবং পর্যাপ্ত সময় হাতে নিয়ে চলাচলের অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ডেমরা সেতুর এই মেরামতকাজ চলবে। নারায়ণগঞ্জের সড়ক ও জনপথ বিভাগ এই সংস্কারকাজ পরিচালনা করবে। ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন তারাবো-ডেমরা সড়কের প্রথম কিলোমিটারে অবস্থিত এই সেতুটির মেরামতকাজ চলাকালে সংশ্লিষ্ট রুট ও আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হতে পারে। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার দুপুরে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপির স্টাফ অফিসার তারিক লতিফ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। অনাকাঙ্ক্ষিত সাময়িক ভোগান্তি এড়াতে বিষয়টি দ্রুততার সঙ্গে জনসাধারণের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব পক্ষকে অনুরোধ জানান এই কর্মকর্তা।