উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। গতকাল রোববার রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে মাসুম খান রাজেশকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া রাজেশ মোহাম্মদপুর থানাধীন ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ এই গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছে।
ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, চাঁদাবাজির অভিযোগে মাসুম খান রাজেশকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, রাজধানীতে চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের একটি তালিকা সম্প্রতি তৈরি করেছে ঢাকা মহানগর পুলিশ। জানা গেছে, পুলিশের তৈরি করা সেই তালিকায় মাসুম খান রাজেশের নাম রয়েছে।