উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতের দিল্লির সংখ্যালঘু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার ছাত্রছাত্রীদের দাবি অবশেষে মেনে নিয়েছে কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীদের দাবি মেনে কর্তৃপক্ষ আজ ছাত্র সংসদের নির্বাচন আগামী ১৫ দিনের মধ্যে করতে রাজি হয়েছে। শিক্ষার্থীদের ছাত্রত্ব সাময়িক বাতিল করার যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা–ও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ মাহতাব আলম রিজভী আজ সোমবার বলেছেন, ছাত্র সংসদের সংবিধান অনুমোদন করে আগামী ১৫ দিনের মধ্যে নির্বাচন করা হবে। ছাত্রছাত্রীর সঙ্গে পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের সংঘর্ষের বিষয়টিও খতিয়ে দেখা হবে। তবে বিক্ষোভরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাঁদের প্রতিবাদ বিক্ষোভ বন্ধ হচ্ছে না কারণ কর্তৃপক্ষের নির্দেশ বিভ্রান্তিকর ও লিখিত নয়।
১৯২০ সালে এই বিশ্ববিদ্যালয় প্রথমে উত্তর প্রদেশের আলিগড়ে স্থাপিত হয় এবং ১৯৩৫ সালে দিল্লিতে স্থানান্তরিত হয়। ২০০৬ সালের পর থেকে জামিয়া মিল্লিয়া ইসলামিয়াতে কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এই নির্বাচনসহ একাধিক দাবির ভিত্তিতে গত ১২ অক্টোবর থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
পরিস্থিতির অবনতি হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত শনিবার থেকে ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ দেয় এবং ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করে। আজ সকালে রেজিস্ট্রার রিজভী ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করে যাবতীয় প্রতিশ্রুতি পূরণের কথা বললেও তাঁরা অনশন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীরা সংসদ চালুর পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার এবং প্রধান প্রক্টর ও নিরাপত্তা উপদেষ্টার অপসারণের দাবিও তুলেছেন।