উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইলের মধুপুরে অটোরিকশা ও ব্যাটারি চুরির ঘটনায় একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এ সময় পুলিশি অভিযানে একটি চোরাই অটোরিকশা ও পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চাড়ালজানি এলাকার মেসার্স মালা ট্রেডার্সের দুই যৌথ মালিকের নামও এসেছে পুলিশের তদন্তে।
মঙ্গলবার দুপুরে মধুপুর পৌর শহরের চাড়ালজানি এলাকায় অভিযান চালিয়ে চোরাই অটোরিকশা বিক্রির সময় দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আঙ্গিনাপাড়ার একটি বাড়ি থেকে চোরাই অটোরিকশা ও পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়। এ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামালপুরের সজীব ওরফে উৎসব পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইসমাইল হোসেন, মো. মিন্টু মিয়া, মো. আমজাদ হোসেন এবং মাহবুব খান মারুফ। তাদের মধ্যে ইসমাইল হোসেন ও মিন্টু মিয়া চাড়ালজানি এলাকার মেসার্স মালা ট্রেডার্সের যৌথ মালিক বলে জানিয়েছেন পুলিশ।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার করা অটোরিকশা ও ব্যাটারি জব্দ করে আলামত হিসেবে থানায় আনা হয়েছে এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বুধবার আদালতে পাঠানো হয়েছে।