উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঘরের মাঠে শ্রীলংকা ও ইংল্যান্ডকে নিয়ে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে সরে দাঁড়ালেন পাকিস্তান ওপেনার সাইম আইয়ুব। নিজের অফ-ফর্ম নিয়ে কাজ করতে এবং আত্মবিশ্বাস ফিরে পেতে ঘরোয়া ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, প্রধান কোচের সঙ্গে আলোচনার পর ঘরোয়া ক্রিকেটে ফেরার ইচ্ছা প্রকাশ করেন সাইম। দলীয় ম্যানেজমেন্ট ও জাতীয় নির্বাচক কমিটির সাথে আলোচনার পর তার এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত তিন ইনিংস ব্যাট করে মাত্র ২১ রান করেছেন সাইম আইয়ুব। তার পরিবর্তে টুর্নামেন্টের বাকী ম্যাচগুলোর জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক ও ওপেনার সাহিবজাদা ফারহানকে দলে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, লিগ পর্বে টানা তিন ম্যাচ জিতে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান দল। আগামী ২৭ অক্টোবর লাহোরে লিগ পর্বে চতুর্থ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে পাকিস্তান এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩১ অক্টোবর।