উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইলে এক নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের অপরাধে দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্তরা হলেন মধুপুর উপজেলার ব্রাহ্মনবাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে মোঃ আরিফ এবং আয়নালের ছেলে মোঃ রুবেল। মঙ্গলবার জেলা শিশু ও নারী সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, গভীর রাতে নিজ বাড়ি থেকে প্রতিবেশী প্রেমিক মোস্তাকের বাড়ি যাওয়ার পথে স্থানীয় একটি পুকুর পাড়ে পৌঁছালে আসামিরা ওই নারীর পথরোধ করে। একপর্যায়ে তর্কবিতর্ক শেষে তাকে পাশের একটি কাচারী ঘরের বারান্দার খুঁটির সাথে রশি দিয়ে বেঁধে ফেলা হয়। পরে দুজন মিলে সারারাত ধরে তাকে পালাক্রমে ধর্ষণ করে এবং সকালে বাঁধন খুলে দেয়।
ঘটনার পর সকালে নির্যাতিতা নিজে বাদী হয়ে মধুপুর থানায় গিয়ে দুইজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে মঙ্গলবার দুপুরে বিচারক এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেককে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দেন।