উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাল্টার রাজধানী ভাল্লেত্তার মেয়র ওলাফ ম্যাকাইকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে মাল্টার অনারারি কনসাল শোয়েব চৌধুরী। গত সোমবার (২৬ অক্টোবর) মাল্টার ভাল্লেত্তায় অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এই আমন্ত্রণ জানান তিনি। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং সাংস্কৃতিক বিনিময়ের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণ ও পর্যটন খাতের বিকাশে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব দেন শোয়েব চৌধুরী। তিনি জানান, ভার্চ্যুয়াল প্রযুক্তির মাধ্যমে ইতিহাসপ্রেমী ও পর্যটকেরা ঘরে বসেই শহরটির ঐতিহাসিক স্থান ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন। জবাবে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন মেয়র ওলাফ ম্যাকাই।
ভ্যালেটার ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণ এবং আধুনিক নগর হিসেবে শহরটির বিকাশের বিভিন্ন দিক তুলে ধরেন মেয়র ওলাফ ম্যাকাই। ১৯৮০ সালে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়া এই শহরের সংস্কৃতি সংরক্ষণের অভিজ্ঞতাও তিনি বর্ণনা করেন। বৈঠকে দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং সাংস্কৃতিক সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়েও আলোচনা করা হয়।
বৈঠক শেষে দুই পক্ষের মধ্যে শুভেচ্ছা স্মারক ও উপহার বিনিময় হয় এবং ভ্যালেটার মেয়র শোয়েব চৌধুরীর হাতে একটি বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন। বৈঠকে ভ্যালেটা লোকাল কাউন্সিলের নির্বাহী সচিব গ্যাব্রিয়েলা অ্যাজোপার্দি এবং শোয়েব চৌধুরীর সহধর্মিণী ও দ্য এশিয়ান এজ-এর প্রধান সম্পাদক ড. জেসমিন চৌধুরী উপস্থিত ছিলেন।