উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর গুলশানের ‘কিংফিশার’ রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ২ হাজার ৩৫৯ লিটার মদ ও বিয়ার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের চারটি গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত দল। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এ অভিযান প্রায় তিন ঘণ্টা ধরে চলে। সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ জানান, শুল্ক ফাঁকি দিয়ে মদ ও মদজাতীয় পানীয় সংগ্রহ ও বিক্রি করা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় রেস্তোরাঁটির প্রদর্শনী ও গুদামের পাশাপাশি একটি বিলবোর্ডের আড়ালে থাকা গোপন কক্ষ থেকে এসব অবৈধ পানীয় উদ্ধার করা হয়।
অভিযানের সময় পোষা প্রাণী দিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হয় এবং গোপন কক্ষের চাবি না দিয়ে অসহযোগিতা করা হয় বলে জানানো হয়। তবে কাউকে আটক করা হয়নি এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দ করা পণ্যের বাজারমূল্য প্রায় ৯১ লাখ ৯৮ হাজার টাকা এবং প্রযোজ্য শুল্ক ও করসহ মোট মূল্য প্রায় ৪ কোটি ২ লাখ ৮২ হাজার টাকা।
প্রতিষ্ঠানটি মদ আমদানিকারক হিসেবে নিবন্ধিত নয় এবং কেনাবেচার কোনো বৈধ চালান বা নথি উপস্থাপন করতে পারেনি। এনবিআরের বিভিন্ন গোয়েন্দা সংস্থার এই অভিযানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের সদস্যরাও সহায়তা করেন। ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান জানান যে এ ঘটনায় গুলশান থানায় এখনো কোনো মামলা হয়নি।