উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একজন যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে ১ কেজি ৪৮০ গ্রাম ওজনের ৪৯টি স্বর্ণের চুড়ি জব্দ করা হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে আটক এই স্বর্ণের শুল্ক-করাদিসহ আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন কাস্টমস কর্মকর্তারা। সকাল ১১টা ১২ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে জেদ্দা থেকে আসা মো. শরীফ নামের ওই যাত্রী বিমানবন্দরে অবতরণ করেন।
কোনো স্বর্ণালংকারের ঘোষণা না দিয়ে গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় কাস্টমস গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তার হ্যান্ডব্যাগ তল্লাশি করে ৪৯টি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়।
এই ঘটনায় উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ কেজি ৪৮০ গ্রাম হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে এই স্বর্ণ চোরাচালানের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।