উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি রাজ্যে অনুমোদনহীন ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে পরিকাঠামো ও অনুমোদন যাচাইয়ের এক ব্যাপক জরিপের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া গুরুতর অনিয়ম ও পরিকাঠামোর অভাবে আরও ১০০টি মাদ্রাসাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
দ্বিতীয় পর্যায়ে নগণ্য শিক্ষার্থী ও ঘাটতি থাকা আরও ২৫০টি বেসরকারি স্বীকৃতিপ্রাপ্ত মাদ্রাসা বন্ধের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। জরিপে দেখা গেছে, রাজ্যে বৈধ অনুমোদিত মাদ্রাসার পাশাপাশি প্রায় ২ হাজার ৩৯৬টি মাদ্রাসা কোনো নিবন্ধন ছাড়াই চলছে। বাংলাদেশ সীমান্তসংলগ্ন মালদহ জেলায় সবচেয়ে বেশি ৪৫টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে এই পরিস্থিতিতে উত্তর প্রদেশের দেওবন্দে আগামীকাল ২৭ অক্টোবর এক বিশাল সম্মেলনের আয়োজন করা হয়েছে। দারুল উলুম দেওবন্দের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার মাদ্রাসার প্রতিনিধিরা অংশ নেবেন। ‘রাবিতা-ই-মাদারিস ইসলামিয়া’র ব্যানারে আয়োজিত এই সভায় ইসলামি শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে।
সম্মেলনে মাদ্রাসা পরিচালনায় চ্যালেঞ্জ, আর্থিক স্বচ্ছতা ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করার বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বৈঠক শুরুর আগে দারুল উলুমের কার্যনির্বাহী কমিটি পূর্ববর্তী সিদ্ধান্ত পর্যালোচনা করে চূড়ান্ত এজেন্ডা নির্ধারণ করবে। রেক্টর মুফতি আবুল কাসিম নোমানি জানিয়েছেন, অতিথিদের স্বাগত জানাতে যাবতীয় প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে।