উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইলের মধুপুর উপজেলা কমপ্লেক্সে চালু হলো মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য নির্ধারিত নতুন পরিদর্শন কক্ষ। দেশের প্রতিটি উপজেলা কমপ্লেক্সে সংশ্লিষ্ট সংসদীয় আসনের প্রতিনিধিদের জন্য কক্ষ বরাদ্দের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এটি বাস্তবায়ন করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন নিজের কক্ষটির উদ্বোধন করেন। দেশের অনেক উপজেলায় ইতোমধ্যে এ ধরনের কক্ষ চালু হলেও এবার মধুপুরেও আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হলো।
উদ্বোধন অনুষ্ঠানে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ পুলিশ প্রশাসন ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কক্ষটি উদ্বোধন করার পর মন্ত্রী নিজ কক্ষে বসে উপস্থিত নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
এই পরিদর্শন কক্ষটি সংসদ সদস্য ও মন্ত্রীদের উপজেলা পরিদর্শনকালে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে সহায়তা করবে। এছাড়া সংশ্লিষ্ট সকলের সাথে সহজে মতবিনিময় করার সুযোগও তৈরি করবে এই নতুন কক্ষটি।