উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্যবাহী গাড়ি দায়িত্বপ্রাপ্ত চালকের বদলে অন্যদের দিয়ে চালানোসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর তদন্ত কমিটি গঠন করেছে সংস্থাটি। তিন সদস্যের কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে নির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গত সোমবার করপোরেশনের সচিব মো. মশিউর রহমান খানের সই করা এক দপ্তর আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।
আদেশে ১৭ অক্টোবর প্রথম আলোতে প্রকাশিত বেতন নেন চালক, ময়লার গাড়ি চালান অন্যরা, প্রাণ যায় মানুষের শীর্ষক প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়েছে। প্রকাশিত ওই সংবাদের ফলে করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে পুরো বিষয়টি তদন্ত করতে এই কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রেজাউল করিমকে এবং অন্য দুই সদস্য হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম ও সাধারণ প্রশাসন শাখার সহকারী সচিব মুহম্মদ মোতালেব।
প্রথম আলোর অনুসন্ধানে দক্ষিণ সিটির বর্জ্য পরিবহনের ২২টি গাড়ি দায়িত্বপ্রাপ্ত চালকের বদলে অন্যদের দিয়ে চালানোর চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। সংশ্লিষ্ট সূত্রের দাবি অনুযায়ী, এমন অনিয়মের শিকার গাড়ির সংখ্যা অন্তত ৫৬টি। বরাদ্দপ্রাপ্ত চালকদের একাংশ নিজেরা গাড়ি না চালিয়েও নিয়মিত বেতন নিচ্ছেন এবং গাড়ি চালাচ্ছেন তাঁদের রাখা সহকারী বা বহিরাগত ব্যক্তিরা। পাশাপাশি, বরাদ্দের সম্পূর্ণ জ্বালানি না তুলে বাকি অংশের টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগও উঠে এসেছে।
অনুসন্ধানে ২০১৭ সাল থেকে চলতি বছরের ৪ অক্টোবর পর্যন্ত দক্ষিণ সিটির ময়লার গাড়িসংশ্লিষ্ট ১৬টি দুর্ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। এর মধ্যে অন্তত তিনটি ঘটনায় দেখা যায় যে, দায়িত্বপ্রাপ্ত চালকের পরিবর্তে অন্য কোনো ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন। ওই প্রতিবেদন তৈরির সময় ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম প্রথম আলোকে জানিয়েছিলেন, সহকারীকে গাড়ি চালাতে দিলে সংশ্লিষ্ট চালক ও তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।