উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নোয়াখালীর পশ্চিম মাইজদী বটতলা এলাকায় পাঁচ লাখ টাকা দাবি করে স্ত্রীকে মারধর ও তরকারি কাটার বটকি দিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত স্বামী ইমরান হোসেন রবিনের (২৯) বিরুদ্ধে এই নির্যাতনের অভিযোগ এনেছেন তাঁর আহত স্ত্রী বিবি কুলসুম আঁখি (২৬)। বর্তমানে আহত ওই গৃহবধূ নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার ২৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে পশ্চিম মাইজদী বটতলার বদি মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগে জানা গেছে।
আহত আঁখি জয়কৃষ্ণপুর এলাকার মো. ইসমাইল হোসেনের মেয়ে এবং তাঁর স্বামী রবিন আব্দুল মতিনের ছেলে। ২০১৭ সালে আদালতের মাধ্যমে তাঁদের বিয়ে হয় এবং তাঁদের সংসারে আব্দুল্লাহ ইবনে রবিন ও আরশ নামে দুটি ছেলে সন্তান রয়েছে। আঁখির অভিযোগ, বিয়ের পর থেকে বিভিন্ন সময় ব্যবসার কথা বলে টাকা দাবি করতেন রবিন। সর্বশেষ নোয়াখালী সদর উপজেলার ৪ নম্বর কাদিরহানিফ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার কথা বলে তাঁর কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন স্বামী।
রোববার দুপুরে আঁখি রান্নাঘরে রান্না করার সময় বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা এনে দেওয়ার জন্য তাঁকে চাপ দেন রবিন। টাকা দিতে পারবেন না জানালে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং তরকারি কাটার বটকি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়। পরে তাঁকে একটি ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে ফিরিয়ে আনা হয়। খবর পেয়ে আঁখির পরিবারের সদস্যরা ওই বাড়িতে যান এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশের সহায়তায় আঁখিকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে অভিযুক্ত স্বামী ইমরান হোসেন রবিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাঁর বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।