উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নোয়াখালীর বেগমগঞ্জে স্বামীর মৃত্যুর পর তিন সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বিধবা খাদিজা আক্তার। আর্থিক সংকটে তাঁর বড় ছেলে সাজ্জাদুর রহমানের পড়াশোনা ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। একই কারণে হিফজ বিভাগের শিক্ষার্থী মেয়ে সাজেদা আক্তারের পড়ালেখাও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, ২০০৭ সালে নোয়াখালী সদর উপজেলার চর মটুয়া ইউনিয়নের জগতপুর গ্রামের মাওলানা মো. রহমানের সঙ্গে খাদিজার বিয়ে হয়। ২০১৭ সালের ৩০ অক্টোবর স্ট্রোক করে মারা যান মাওলানা মো. রহমান। বর্তমানে বসতভিটা ছাড়া পরিবারের আর কোনো সম্পদ নেই বলে জানান তিনি।
খাদিজার বড় ছেলে সাজ্জাদুর রহমান একটি মাদরাসায় সপ্তম শ্রেণিতে পড়ত কিন্তু আর্থিক সংকটে তার পড়াশোনা বন্ধ হয়ে গেছে। অন্যদিকে মেয়ে সাজেদা আক্তার বেগমগঞ্জের উদয়হাট আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী এবং অর্থসংকটের কারণে তার পড়াশোনাও ব্যাহত হচ্ছে।
মাদরাসার আবাসিক ভবনে থেকে পড়াশোনা করতে সাজেদার প্রতি মাসে প্রায় দুই হাজার টাকা খরচ হতো কিন্তু তা জোগাতে না পারায় বাড়ি থেকে যাতায়াত করছে সে। তিন সন্তানকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটানো খাদিজা আক্তার দেশের বিত্তবান ও মানবিক সংগঠনের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর জন্য বিকাশ নম্বর: ০১৮১০৬১০৪১১।