উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরবে উদ্বেগজনক হারে বাড়ছে বিদেশিদের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা, যার মধ্যে সম্প্রতি দুই বাংলাদেশিও রয়েছেন। চলতি বছরের প্রথম ছয় মাসেই ৫৯ বিদেশি নাগরিকের এই সর্বোচ্চ সাজা কার্যকর করা হয়েছে। বিশেষ করে মাদকসংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ড প্রদান এবং বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বিশ্বজুড়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
সৌদি আরবে বিদেশি কর্মীদের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক বাংলাদেশের, অন্তত ২৫ লাখ। ইএসওএইচআরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ১০৮ জনের মধ্যে বাংলাদেশের নাগরিকও আছেন। সম্প্রতি পবিত্র মক্কার একটি মসজিদে অনৈতিক কাজ করার অপরাধে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত শুধু মাদক অপরাধেই মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে ৫৯৭ জনের এবং তাঁদের প্রায় ৭৫ শতাংশই প্রবাসী। ভাষা না বোঝা, আইনজীবী না পাওয়া, শেষ খবরটুকু দেরিতে আসা এবং লাশ না ফেরার মতো জটিল সমস্যার মুখোমুখি হচ্ছেন প্রবাসীরা।
জাতিসংঘের বর্ণবৈষম্য বিলোপ কমিটি ২০২৪ সালের ডিসেম্বরে সৌদি আরবের ফৌজদারি বিচারব্যবস্থায় অভিবাসী শ্রমিকদের যথেচ্ছ আটক ও নির্যাতনের শিকার হওয়ার বিষয়টি চিহ্নিত করেছে। এই পরিস্থিতিতে বিচারপ্রক্রিয়া ও মৃত্যুদণ্ডের ক্ষেত্রে কোনো বৈষম্য হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্ত দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।