উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের মাদকের থাবা থেকে রক্ষায় ও এর ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে একটি মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বেলা ১১টার দিকে মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এই সভা হয়।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ এবং তাদের সুন্দর জীবন গড়ে তুলতে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা জরুরি। এজন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল বাছেদের সভাপতিত্বে সভায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। পরিশেষে সম্মিলিত সচেতনতার মাধ্যমে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।