উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরের পথে চলার প্রত্যয়ে পটুয়াখালীতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপিত হচ্ছে। আজ সোমবার সকালে বুদ্ধপূজা, পঞ্চশীল, শিবলীপূজা ও অষ্টশীল গ্রহণ, ধ্যান অনুশীলন এবং হাজারো প্রদীপ প্রজ্বালন প্রার্থনার মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এ উৎসব উপলক্ষে বৌদ্ধবিহারগুলোতে সমবেত হন শত শত রাখাইন নর-নারী।
দিনভর প্রদীপ পূজা, পবিত্র ত্রিপিটক পাঠ, ফুল ও প্রদীপ নিবেদনসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে এ দিনটি উদযাপন করবেন বৌদ্ধধর্মাবলম্বীরা। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাখাইন পাড়াগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ এবং সন্ধ্যায় আকাশে ওড়ানো হবে রংবেরঙের ফানুস। আরাকানিক পঞ্জিকা অনুযায়ী কুয়াকাটার রাখাইনরা আজ এ দিনটি উদযাপন করছেন বলে জানিয়েছেন বৌদ্ধ ভিক্ষুরা।
উল্লেখ্য, আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধের বর্ষাবাস পালনের ঐতিহ্যকে ধারণ করে প্রতি বছর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে উদযাপিত হয় প্রবারণা পূর্ণিমা। এ উৎসবের পরদিন থেকে মাসব্যাপী প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হয় কঠিন চীবরদান উৎসব।