উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাজীপুর জেলা পিবিআইয়ের এসআই মোহা. আলতাফ হোসেনের বিরুদ্ধে এক নারী বাদীকে মামলার তদন্তের ভয় দেখিয়ে ঘুষ দাবি এবং আসামিপক্ষের নিকট থেকে উৎকোচ নিয়ে মিথ্যা চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। গত সোমবার ২৬ অক্টোবর এঘটনায় পুলিশ মহাপরিদর্শক বা আইজিপি বরাবর এসআই মোহা. আলতাফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী।
জানা যায়, ভুক্তভোগী নারী বাদী হয়ে গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিয়ের প্রলোভনে ধর্ষণের অপরাধে একটি মামলা দায়ের করেন এবং আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআই গাজীপুরকে নির্দেশ দিলে তদন্তের দায়িত্ব পান এসআই আলতাফ। বাদীর অনুকূলে প্রতিবেদন দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ দাবি করেন এসআই আলতাফ এবং বাদী টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তিনি ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করতে কালক্ষেপণ করেন।
আইন অনুযায়ী দ্রুততম সময়ে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা বাধ্যতামূলক হলেও এসআই আলতাফ শারীরিক ও জৈবিক আলামত বিনষ্ট হওয়ার সুযোগ সৃষ্টি করেন যা গুরুতর পেশাগত অপরাধ। স্থানীয় একাধিক সূত্রে জানা যায় তদন্তকারী কর্মকর্তা আসামিপক্ষের নিকট থেকে ঘুষ নিয়ে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট ও একপেশে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছেন যেখানে মামলার ঘটনা মিথ্যা বলে উল্লেখ করা হয়।
গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে গাজীপুর আদালত প্রাঙ্গণে আসামি নিজেই ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিনামার মাধ্যমে অপরাধ স্বীকার করে আপোষনামা করার চেষ্টা চালালেও সেই সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এই পরিস্থিতিতে অসহায় ভুক্তভোগী নারী পুলিশ মহাপরিদর্শক ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পিবিআই প্রধান কার্যালয় বরাবর এসআই মোহা. আলতাফ হোসেনের বিরুদ্ধে নিরপেক্ষ বিভাগীয় তদন্তপূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রার্থনা জানিয়েছেন।