উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জে জমজমাট ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। ফাইনালে সিংগাইর উপজেলার যুব কল্যাণ উন্নয়ন সংঘকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মানিকগঞ্জ সদর উপজেলার মাসুম ফুটবল একাডেমি। শুক্রবার ২৩ অক্টোবর মানিকগঞ্জ সদর উপজেলার ডাউটিয়া মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ডাউটিয়া বুলবুল ক্লাব আয়োজিত আট দলের এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা। এ সময় চ্যাম্পিয়ন মাসুম ফুটবল একাডেমিকে ৫০ হাজার টাকা এবং রানার্সআপ যুব কল্যাণ উন্নয়ন সংঘকে ৩০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ডা. এ. এম. কাইয়ুম রহমানের সভাপতিত্বে এবং ডাউটিয়া বুলবুল ক্লাবের সভাপতি আরিফ মোল্লার পরিচালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব গোলাম কিবরিয়া সাইদ। এছাড়া মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন, জ্যেষ্ঠ বিএনপি নেতা আক্কাস আলী খোকন ও জাতীয় ফুটবল দলের সাবেক কোচ মোশাররফ হোসেন বাদল উপস্থিত ছিলেন। ওস্তাদ মোহাম্মদ আলীর পরিবারের সদস্যসহ স্থানীয় ক্রীড়ামোদী দর্শকরাও এ সময় মাঠে উপস্থিত ছিলেন।
স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবেশ তৈরির লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয় বলে জানান আয়োজকেরা। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলাটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।