উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পিরোজপুরের নেছারাবাদে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১২০ থেকে ১৩০ জনকে আসামি করা হয়েছে। গত ২৫ অক্টোবরের একটি ঘটনাকে কেন্দ্র করে ২৬ অক্টোবর ২০২৫ তারিখে নেছারাবাদ থানায় এই মামলাটি রেকর্ড করা হয়। মামলার নম্বর ১৫।
মামলার বাদী মো. জাহিদুল ইসলাম নিজেকে সোহাগদল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি পশ্চিম সোহাগদল এলাকার মোজাহার আলীর ছেলে। এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখে বিকেল ৬টা ৫ মিনিট থেকে ৬টা ৫০ মিনিটের মধ্যে নেছারাবাদ উপজেলার ২ নম্বর সোহাগদল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে কলেজিয়েড একাডেমি স্কুলের সামনের পাকা সড়কে এই ঘটনা ঘটে।
বাদীর অভিযোগ অনুযায়ী, এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ১২০ থেকে ১৩০ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্র, ককটেল ও দাহ্য পদার্থ নিয়ে একটি সরকারবিরোধী মিছিল বের করেন। এ সময় তাঁরা সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান ও অপপ্রচার চালান এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেন। মামলার এজাহারে তানজীদ ইসলাম তনয়সহ মোট ৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ৭ ও ৮ ধারায় মামলা দায়েরের তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে এজাহারে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত আসামিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, মামলার এজাহারে আনা অভিযোগগুলো সম্পূর্ণ তদন্তসাপেক্ষ এবং অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো আসামিকে অপরাধী হিসেবে গণ্য করা যায় না।