উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ক্রসফায়ারের পক্ষে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে, আইজিপির এমন বক্তব্য দেশের প্রচলিত সংবিধান ও আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী।
আজ সোমবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা বিধান নিশ্চিত করার প্রধান দায়িত্ব পুলিশের এবং পুলিশ হলো নাগরিকদের সেবক।
আইজিপির বক্তব্যের জবাবে জুবায়ের বলেন, ফ্যাসিস্ট আমলে বিনা বিচারে মানুষকে হত্যা করা হতো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে গুম করা হতো। আইজিপির বক্তব্যে সেই একই কর্মকাণ্ডের পুনরাবৃত্তি করার হুমকি ও ইঙ্গিত প্রকাশ পেয়েছে যা অত্যন্ত অগ্রহণযোগ্য।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে উল্লেখ করে আইজিপি বলেছিলেন, যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব। জামায়াত নেতা এই বিষয়ে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।