উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি আওয়ামী লীগের কাছ থেকে শিখেছে ক্ষমতায় যাওয়ার আগে গণতন্ত্র আর গেলে স্বৈরতন্ত্র। তিনি বলেন, তারা এখন ফ্যাসিবাদের পথ ধরেই হাঁটছে এবং আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে নামের পার্থক্য ছাড়া কোনো চরিত্রগত তফাত নেই।
জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাঁদাবাজি, খুন ও দখলদারি যা আগে চলত এখনো চলছে এবং কেবল নামটা বদলে গেছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তরের গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী দল নয় বলেই ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা ও অস্ত্র নিয়ে হামলার নির্দেশ দিয়েছিল।
মিয়া গোলাম পরওয়ার বলেন, তৎকালীন চারদলীয় জোটের শরিক হওয়া সত্ত্বেও বিএনপি সেদিন জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধ কর্মসূচি পালন করতে রাজি হয়নি। গণতন্ত্রের হত্যাকারী ফ্যাসিবাদের সঙ্গে কোনো গোপন আঁতাত করে ইসলামি আন্দোলন ধ্বংস করার চক্রান্ত বিএনপির ছিল কি না, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সেমিনারে ২৮ অক্টোবরের ঘটনায় দায়ের করা মামলাগুলোর বিচার পুনরুজ্জীবিত করার দাবি জানিয়ে তিনি বলেন, সরকার যেন হামলার নথিপত্র খুঁজে বের করে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে খুনিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করে। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সেমিনারে আরও অনেকে বক্তব্য দেন।