উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জনসমক্ষে বিবৃতি দিয়ে নির্বাচন কমিশন যা বলেছিল, সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে ঠিক সেই কথাই জানাল তারা। হলফনামায় কমিশন জানিয়েছে, ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে যে তিনটি নির্দেশ জারি করা হয়েছে, তার প্রতিটিই সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। কোনো সিদ্ধান্তই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একা নেননি এবং কমিশনের অভ্যন্তরে মতবিরোধের যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ অসত্য।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনের পর জ্ঞানেশ কুমারের কাজকর্ম ও এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়। যার পরিপ্রেক্ষিতে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনকে নোটিশ পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট এবং গত সোমবার কমিশন সেই নোটিশের জবাবে এই হলফনামা জমা দেয়। হলফনামায় বলা হয়েছে, ২০২৫ সালের ২৪ জুন, ২০২৫ সালের ২৭ অক্টোবর এবং ২০২৬ সালের ১৪ মে এসআইআর নিয়ে যে তিনটি নির্দেশ জারি করা হয়েছিল, প্রতিটি সিদ্ধান্তই ছিল সর্বসম্মত।
কমিশন হলফনামায় জানিয়েছে, নতুন ভোটারের নাম তোলার জন্য অনলাইন আবেদনের সঙ্গে একটি পৃথক ঘোষণাপত্র জোড়া হয় এবং ফর্ম ৬–এর কোনো বদল ঘটানো হয়নি। গোয়ার ভোটার তালিকা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল সে বিষয়ে কমিশন জানায়, ৯৭ জন ভোটারের মধ্যে ৮৮ জনের নাম ইতিমধ্যেই তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া সিইসি জ্ঞানেশ কুমারকে তাঁর দায়িত্ব পালন থেকে বিরত রাখার আবেদন খারিজ করে বলা হয়েছে, তা করতে হলে সুনির্দিষ্ট সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে।