উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ দূতাবাস, লিবিয়া ও আইওএমের সহযোগিতায় মোট ১৭৪ জন বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের মধ্যে সাগর থেকে উদ্ধারের পর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ৩৬ জন এবং স্বেচ্ছায় ফেরা ১৩৮ জন রয়েছেন। ফিরে আসা ব্যক্তিদের মধ্যে টাঙ্গাইলের সবুজ আলী ও মেহেদী হাসানও রয়েছেন।
চলতি বছরের জানুয়ারিতে ইতালিতে নেওয়ার আশ্বাসে তাঁদের বিদেশে নেওয়া হয় এবং বিভিন্ন দেশ ঘুরিয়ে লিবিয়ায় নিয়ে ৩২ লাখ টাকা আদায় করা হয়। পরে লিবিয়ার পুলিশ তাঁদের আটক করে তাজুরা ডিটেনশন সেন্টারে রাখে। যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সবুজের ভাই মালয়েসিয়াপ্রবাসী রিপন আহমেদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে যোগাযোগ করেন।
প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দুই যুবকের পরিচয় শনাক্ত ও দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। আইওএমের সহযোগিতায় মানবিক প্রত্যাবাসনের আওতায় তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়। প্রতিমন্ত্রী টুকু সবাইকে বৈধ পথে বিদেশ যাওয়ার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।