উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে অস্ত্রের মুখে জিম্মি করে এক নারীর কাছ থেকে জমি কেনার ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার ২৭ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদলপুর নতুনহাট সংযোগ সড়কের বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জমি নিবন্ধন করতে সাবরেজিস্ট্রি অফিসে যাওয়ার পথে শামসুন নাহার নামের ওই নারী ছিনতাইয়ের শিকার হন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আসা ৮ থেকে ১০ জন সশস্ত্র ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে। ওই অটোরিকশায় ছিলেন কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামসুন নাহার। তার ব্যাগে জমি কেনার জন্য রাখা নগদ ২৫ লাখ টাকা ছিল।
ঘটনার বর্ণনা দিয়ে ছিনতাইয়ের শিকার শামসুন নাহার জানান, সাবরেজিস্ট্রি অফিসের দিকে যাওয়ার সময় হঠাৎ একটি মোটরসাইকেল তাদের অটোরিকশার সামনে এসে পথ রোধ করে। পাশেই আরেকটি মোটরসাইকেল থেকে দুজন নেমে অটোরিকশার চাবি ও চালকের মোবাইল ফোন কেড়ে নেয়। চালক বাধা দিলে একজন কোমর থেকে পিস্তল বের করেন এবং অস্ত্রের মুখে ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারী থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেছেন। আমরা জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এ উপজেলায় বিভিন্ন সহিংসতা ও অপরাধের ঘটনা ঘটেছে।