উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মারুফ হোসেন দুখু (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মারুফ ধলপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে এবং তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন।
নিহতের স্ত্রী মিম জানান, মারুফ সায়দাবাদ মালঞ্চ সেন্টারের পাশের গলিতে একটি অ্যালুমিনিয়ামের পাতিল কারখানায় কাজ করতেন। সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফিরে ধলপুর সিটি পল্লীর মাঠে গেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মিম আরও জানান, তার স্বামী অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব বা ঝামেলায় জড়াতেন না। কারা এবং কী কারণে তাকে গুলি করে হত্যা করেছে, সে বিষয়ে তিনি কিছু বুঝতে পারছেন না।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি যাত্রাবাড়ী থানা-পুলিশকে অবহিত করে তদন্ত শুরু হয়েছে।