উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের নিয়ালা শহরের একটি বাজারে ড্রোন হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। মঙ্গলবার চিকিৎসাসংশ্লিষ্ট একটি সূত্র ও প্রত্যক্ষদর্শীরা এএফপিকে এ তথ্য জানিয়েছে। নিয়ালা শহরটি সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) কার্যত নিয়ন্ত্রণাধীন রাজধানী হিসেবে পরিচিত।
শহরের এক বাসিন্দা জানান, সোমবার স্থানীয় সময় রাত ৮টার দিকে উত্তর নিয়ালার একটি বাজারে ড্রোন হামলা চালানো হয়। আরেক বাসিন্দা জানান, বাজারটিতে সাধারণত তরুণদের আনাগোনা বেশি ছিল এবং তাদের মধ্যে আরএসএফের যোদ্ধারাও ছিলেন। নিয়ালা হাসপাতালের এক চিকিৎসাকর্মী জানান যে গত রাতের বোমা হামলায় ২১ জন নিহত ও ৪০ জনের বেশি আহত হয়েছেন, তবে হতাহতদের মধ্যে কতজন আরএসএফের সদস্য, তা তিনি নিশ্চিত করতে পারেননি।
সুদানের সেনাবাহিনী নিয়মিত নিয়ালা শহরে হামলা চালিয়ে আসছে এবং জাতিসংঘের হিসাব অনুযায়ী শুধু অক্টোবরের প্রথম তিন সপ্তাহেই ড্রোন হামলায় ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে এই যুদ্ধ চলছে এবং এখন পর্যন্ত ২ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করছেন ত্রাণকর্মীরা। যুদ্ধের কারণে দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে এবং বিশ্বের সবচেয়ে বড় ক্ষুধা ও বাস্তুচ্যুতি সংকট সৃষ্টি হয়েছে।