উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফিলিস্তিনি বন্দুকধারীদের চালানো গত সপ্তাহের প্রাণঘাতী হামলার পর হেবরনে ইসরাইলের সামরিক অভিযানে তিন সহস্রাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সোমবার শহর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে এবং রামাল্লা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর নিশ্চিত করেছে।
অধিকৃত পশ্চিম তীরের বৃহত্তম শহর হেবরনের পৌরসভা এক বিবৃতিতে জানায়, শনিবার শুরু হওয়া এই চলমান অভিযানে ৩ হাজার ১৮৯ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এই বাস্তুচ্যুত লোকগুলোর মধ্যে দুই শতাধিক শিশুও রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
ইসরাইলের নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার শহরের কাছে একটি চেকপোস্টে হামলা চালিয়ে দুই ইসরাইলি সেনাকে হত্যা করে দুই ফিলিস্তিনি বন্দুকধারী। হামলার পরপরই পশ্চিম তীরে বড় ধরণের সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
সেনাবাহিনী হামলাকারী দুই ব্যক্তির বসবাসের এলাকা আইন দেইর বাহায় প্রবেশ করে বাসিন্দাদের জিনিসপত্র গুছিয়ে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। রোববার হেবরনের একটি সড়কে ইসরাইলি সেনা ও পুলিশের ভারী যানবাহনের বহর টহল দিতে দেখা যায়।