উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফেনীর ছাগলনাইয়ায় গভীর রাতে বাসায় ঢুকে মা-মেয়েসহ তিনজনকে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুটের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়দের সহযোগিতায় মঙ্গলবার ২৭ অক্টোবর বিকেলে পৌর শহরের থানাপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ২৬ অক্টোবর গভীর রাতে পশ্চিম ছাগলনাইয়ার আলাবক্স মজুমদার বাড়িতে ভাড়াটিয়া আয়েশা আক্তারের বাসায় ঢুকে দুর্বৃত্তরা তাঁকে মারধর করে। এ সময় তাঁকে জিম্মি করে প্রায় দেড় ভরি স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় তারা।
আটক ব্যক্তিরা হলেন শেরপুরের নালিতাবাড়ী এলাকার মো. শাহীন ২৩, আকিকুল ইসলাম এবং ফেনী সদর এলাকার বশির আহমেদ সাকিব ২৬। পুলিশ জানিয়েছে, তাঁরা ছাগলনাইয়ার মটুয়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং নিজেদের রাজমিস্ত্রি হিসেবে পরিচয় দিতেন।
ভুক্তভোগী আয়েশা আক্তার এ ঘটনায় বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা করেছেন এবং তিনি আটক ব্যক্তিদের শনাক্ত করেছেন বলে জানিয়েছে পুলিশ। ছাগলনাইয়া থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ ইসমাইল জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।