উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের (এনইউএ) ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে মুফতি ইনজিমামুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে মুফতি মাহমুদ হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে সংগঠনের সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খানের পদত্যাগপত্র গ্রহণ করে কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার সংগঠনের এক জরুরি কেন্দ্রীয় সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় এবং সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী।
সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদস্যদের মতামত ও ভোটের ভিত্তিতে মাওলানা সানাউল্লাহ খানের পদত্যাগপত্র গ্রহণ করে পদটি শূন্য ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে উপস্থিত সদস্যদের সর্বোচ্চ ভোটে মুফতি ইনজিমামুল ইসলাম ভারপ্রাপ্ত সদস্যসচিব এবং মুফতি মাহমুদ হাসান ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
ভারপ্রাপ্ত সদস্যসচিব মুফতি ইনজিমামুল ইসলাম বর্তমানে রাহবার অ্যাডভাইজরির শরিয়াহ মজলিশের চেয়ারম্যান ও রাজধানীর বাইতুর রশিদ জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গওহরডাঙ্গা মাদরাসা থেকে দাওরায়ে হাদিস এবং জামিয়া রহিমিয়া আরাবিয়া মাদরাসা থেকে ইফতা সম্পন্ন করেন।
ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদ হাসান যাত্রাবাড়ীর জামিয়া মুহিউস সুন্নাহ মাদরাসায় মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি ইসলামিক স্কলারস একাডেমির পরিচালক। তিনি ২০০৮ সালে জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে দাওরায়ে হাদিস এবং পরে জামিয়াতুল আসআদ থেকে ইফতা সম্পন্ন করেন।
সভায় আলেম সমাজের ন্যায্য অধিকার, মর্যাদা ও মূলধারার রাজনীতিতে যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়ে সংগঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বর্তমানে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।