উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের ১৬টি উপজেলা ও মহানগরে প্রায় ১৫ হাজার মানুষের অংশগ্রহণে এক দিনে এক লাখ গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সেনাবাহিনী, বেসরকারি সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশ নেন।
নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে একটি নারকেলের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। সন্ধ্যায় সীতাকুণ্ডের ফৌজদারহাটসংলগ্ন ডিসি পার্কে র্যালি শেষে এক লাখতম চারা হিসেবে আরেকটি নারকেলের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, সিটি করপোরেশনের প্রশাসক, পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও সেনাবাহিনীর প্রতিনিধিরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গাছ লাগানোর পাশাপাশি চারাগুলো বাঁচিয়ে রাখার ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, গাছ লাগানোর পর সেগুলো বেঁচে না থাকলে সব উদ্যোগই নিষ্ফল হবে। চারার সুরক্ষায় বেড়া দেওয়া এবং বিভিন্ন পর্যায়ে তদারকি কমিটি গঠন করা হয়েছে।