উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মেট্রোরেলে প্রচণ্ড ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে ৬৪ বছর বয়সী এক শিক্ষকের মৃত্যু হয়েছে। মৃত নজীবুর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। ২৪ অক্টোবর বিকেলে মেট্রোরেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ছেলের অভিযোগ, দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ বোধ করায় বসার অনুরোধ করেছিলেন তাঁর বাবা। কিন্তু বসে থাকা যাত্রীদের কেউ তাতে সাড়া দেননি। এর এক থেকে দুই মিনিটের মধ্যে তিনি মেট্রোরেলের মেঝেতে পড়ে যান এবং হাসপাতালে নিলে মৃত ঘোষণা করা হয়।
নজীবুরের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ছিল বলে জানান তাঁর ছেলে নাকিবুর রহমান। ওমরাহ পালনে সৌদি আরব থাকায় এবং অন্য স্বজনরা বিদেশে থাকায় মৃত্যুর সময় পরিবারের কেউ তাঁর পাশে ছিলেন না। পরে বরিশালের গৌরনদী উপজেলার গ্রামের বাড়িতে তাঁকে দাফন করা হয়।
ঘটনা নিয়ে কাউকে দোষারোপ না করলেও বয়স্ক মানুষের প্রতি সবার সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান ছেলে। তিনি আক্ষেপ করে বলেন, কেউ যদি তাঁর বাবাকে একটু বসতে দিতেন, তবে হয়তো এভাবে নিচে পড়ে তাঁর মৃত্যু হতো না।