উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠক হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. রাশেদ খাঁন। এর জবাবে জামায়াত বলছে, যিনি বা যাঁরা এমন অসত্য তথ্য ছড়াচ্ছেন, তাঁদের মানসিক ও রাজনৈতিক সুস্থতা নিয়ে তাদের সন্দেহ রয়েছে। পাশাপাশি এই অভিযোগ প্রমাণের জন্য চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছে দলটি। আজ মঙ্গলবার এক বিবৃতিতে এই খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত।
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বিবৃতিতে বলেন, জামায়াত নিয়মতান্ত্রিক পন্থায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং রাষ্ট্রীয় মর্যাদা সমুন্নত রেখে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। কিন্তু সম্প্রতি ষড়যন্ত্রমূলকভাবে জামায়াতের সুনাম ক্ষুণ্ন করতে এই খবর প্রকাশ করা হয়েছে। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে গণমাধ্যমগুলোকে সত্যতা যাচাইপূর্বক দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছে তারা। একই সঙ্গে মিথ্যা প্রচার ও প্রোপাগান্ডার বিষয়ে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
গতকাল সোমবার নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন, গত ১৬ সেপ্টেম্বর বারিধারার একটি বাড়িতে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন মিয়া গোলাম পরওয়ার ও জামায়াত নেতা এ টি এম মাছুমসহ মোট তিনজন। রাশেদ প্রশ্ন তোলেন, যারা সারা দিন ভারতের বিরুদ্ধে বক্তব্য রাখে, তারা কোন স্বার্থে এই গোপন বৈঠকে অংশ নিয়েছে? গোলাম পরওয়ার গোপন বৈঠকের বিষয়টি খোলাসা না করলে ধরে নেওয়া হবে জামায়াত রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।