উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইলের মধুপুরে পৈতৃক সূত্রে পাওয়া ও দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা সম্পত্তি জোরপূর্বক বেদখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। বুধবার ৩০ সেপ্টেম্বর দুপুরে মধুপুর প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিপন সরকার জানান, মধুপুরের পুন্ডুরা মৌজায় তার বাবা দলিলের মাধ্যমে সাড়ে ৪১ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট রেকর্ড তার বাবার নামে হওয়ার পর থেকেই তারা পৈতৃক দলিলের ভিত্তিতে জমিটি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।
রিপন সরকারের অভিযোগ, তার চাচা ফজলুল হক মনি একই দাগে ২২ শতাংশ জমি ক্রয় করলেও সেই দলিলে কোনো সুনির্দিষ্ট চৌহদ্দি উল্লেখ নেই। চাচার ক্রয় করা জমির অবস্থান নিয়ে বিরোধের জের ধরেই বর্তমানে তাদের দখলে থাকা জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা চালানো হচ্ছে।
জমির বিরোধ নিয়ে নিরাপত্তাহীনতায় থাকা ভুক্তভোগী পরিবার বিষয়টির নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। পাশাপাশি তাদের দখলীয় সম্পত্তি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্যরা।