উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলনকক্ষে মঙ্গলবার সকালে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফখরুল আমিন বাদল সভাটি সঞ্চালনা করেন। সভায় সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, চিকিৎসকদের অবহেলার কারণে যেন কোনো রোগীর ক্ষতি না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও যত্নশীল হতে হবে।
প্রতিমন্ত্রী টুকু বলেন, টাঙ্গাইলে প্রায় ৫০ লাখ মানুষের বসবাস এবং এখানে একটি জেনারেল ও একটি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। ঢাকার হাসপাতালগুলোর পাশাপাশি এখান থেকেও উন্নত চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা রয়েছে বলে মানুষ মনে করে। হাসপাতালের সেবার মান কীভাবে আরও বাড়ানো যায়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে এবং যার যার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
এ সময় হাসপাতালের বিদ্যমান জনবল সংকট দ্রুত দূর করার আশ্বাস দেওয়ার পাশাপাশি সেবার মান বাড়াতে স্বচ্ছ অভিযোগ বক্স স্থাপনের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। সভায় চিকিৎসক ও অন্যান্য জনবলের সংকট, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সরবরাহ এবং দালালচক্রের দৌরাত্ম্য বন্ধসহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস স্বাগত বক্তব্য দিয়ে সার্বিক কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। সভায় জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম ও অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হানিফসহ বিভিন্ন কর্মকর্তা ও নেতারা উপস্থিত ছিলেন।