উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৭নং সাহেবাবাদ ইউনিয়ন পরিষদে সরকারি টিসিবির পণ্য সুশৃঙ্খলভাবে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরীর উপস্থিতিতে এ পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিতরণ কার্যক্রমে উপকারভোগীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সরকারের নির্ধারিত মূল্য পরিশোধের মাধ্যমে তাঁদের বরাদ্দকৃত টিসিবির পণ্য সংগ্রহ করেন। পুরো কার্যক্রম সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এবং নির্ধারিত সময়ে পণ্য হাতে পেয়ে উপকারভোগীদের মধ্যে সন্তোষ ও আনন্দ দেখা যায়।
কয়েকজন উপকারভোগী জানান, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সঠিক দিকনির্দেশনা এবং সহযোগিতার কারণে তাঁরা সরকারি বিভিন্ন সহায়তা ও পণ্য নির্ধারিত সময়ে সঠিকভাবে পেয়ে থাকেন। পণ্য সংগ্রহ করতে গিয়ে তাঁদের কোনো ধরনের হয়রানির শিকার হতে হয় না বলেও তাঁরা উল্লেখ করেন।
তাঁরা আরও বলেন, সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের এমন সুশৃঙ্খল উদ্যোগ প্রশংসনীয়। এভাবে সরকারি সহায়তা কার্যক্রম পরিচালিত হলে সাধারণ মানুষ আরও সহজে উপকৃত হবেন। সুষ্ঠু ব্যবস্থাপনা ও সুশৃঙ্খল পরিবেশে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ায় স্থানীয় উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।