উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে হামলাকে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, মুক্ত রাজনৈতিক চর্চা ও ভিন্নমতের প্রতি সহনশীলতার ওপর আঘাত বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। তিনি বলেছেন, রাজনৈতিক পরিচয় ও মতপার্থক্যের কারণে কোনো দলের কার্যালয়ে হামলা কিংবা নেতা–কর্মীদের ভয়ভীতি দেখানোর অধিকার কারও নেই। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন ক্বাফী রতন। সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের বিচারের দাবিতে এই সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সোমবার রাত ১০টায় লাঠিসোঁটা নিয়ে একদল ব্যক্তি নিজেদের সরকারদলীয় কর্মী পরিচয় দিয়ে মুক্তি ভবনের সামনে জড়ো হন এবং প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে সিপিবির নেতা–কর্মীরা বাধা দেন। তখন হামলায় কয়েকজন আহত হন এবং পুলিশ এসে নিরাপত্তার দায়িত্ব নেওয়ার পরও হামলাকারীরা দীর্ঘ সময় কার্যালয় অবরুদ্ধ রাখেন। বক্তারা বলেন, ২০২৪ সালের গণ–অভ্যুত্থানেও মুক্তি ভবন আন্দোলনের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এবং সেখানে হামলা গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের আকাঙ্ক্ষার পরিপন্থী।
এদিকে সিপিবির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করা ও নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়ন। সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে মানুষকে মবের শিকার করা হচ্ছে এবং মুক্তিযুদ্ধ, সংস্কৃতি কিংবা মুক্তিযুদ্ধের স্লোগান দেওয়ার কারণে কাউকে আটক বা গ্রেপ্তার করা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। সমাবেশে বক্তারা বলেন, গতকাল নেতা–কর্মীরা যখন কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ ছিলেন, তখন পুলিশ ভেতরে ঢুকে তল্লাশি চালায় ও মবের শিকার হওয়া ব্যক্তিদের ওপরই চড়াও হয়।
সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন করতে গিয়ে আটক হওয়া ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলের মুক্তির পর রাতে পুরানা পল্টনে বিক্ষোভ মিছিল বের করেন সিপিবির নেতা–কর্মীরা। ওই মিছিলে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে অভিযোগ তুলে সিপিবির নেতা–কর্মীদের ওপর হামলা এবং দলটির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে নানা স্লোগান দেন হামলাকারীরা। যুক্তফ্রন্টের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।