উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইসরায়েলে একটি শক্তিশালী নতুন জাতীয় সরকার গড়ার ঘোষণা দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। পার্লামেন্ট নেসেটের ভোটের ফলাফলে তাঁর নেতৃত্বাধীন জোট এগিয়ে থাকার পরিপ্রেক্ষিতে তিনি এ ঘোষণা দেন। আজ বুধবার জেরুজালেমে জড়ো হওয়া নিজ দল লিকুদ পার্টির সমর্থকদের উদ্দেশে এই বার্তা দেন তিনি।
গত মঙ্গলবার ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বুথফেরত জরিপে বড় ধরনের নাটকীয় মোড় আসে। দেশটির সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫২টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের জোট ৪৯টি আসনে এবং আরব লিস্ট ১৯টি আসনে এগিয়ে আছে।
১২০ আসনের নেসেটে কোনো পক্ষই সরকার গঠনে প্রয়োজনীয় ৬১ আসনে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি। তবে আরবদের সমর্থন নিয়ে ইসরায়েলে কোনো সরকার পরিচালনা করা হবে না বলে নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি ভোটের প্রকৃত ফলাফল পাওয়ার অপেক্ষা করবেন বলে জানান।
এদিকে বিরোধী জোটের নেতা ও ইয়াশার দলের প্রধান গাদি আইজেনকট চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহুকে রাজনীতি থেকে বিদায় নেওয়ার আহ্বান জানিয়ে তিনি সবাইকে নিয়ে একটি দায়িত্বশীল জায়োনিস্ট সরকার গঠনের চেষ্টা করার ঘোষণা দেন।