উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মো. সুরুজকে (৫৫) গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৪ বছরের ওই বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে প্রলোভন দেখিয়ে চায়ের দোকানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন আসামি সুরুজ। এ ঘটনায় ভিকটিমের নানী বাদী হয়ে ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই অভিযুক্ত সুরুজ আইনের হাত থেকে বাঁচতে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে এসআরবি গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং মঙ্গলবার রাত ১টা ৪০ মিনিটে মধুপুরের কাকরাইদ বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি সুরুজ আলীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইলের ধনবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। পেশাদারিত্বের সাথে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।