উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মঙ্গলবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত ক্যারিয়ার ও চাকরি মেলার উদ্বোধন করা হয়। ফিতা কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে এই মেলার শুভ সূচনা করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ আমন্ত্রিত অতিথিরা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্যারিয়ার ও চাকরি মেলা অত্যন্ত ভালো ও মহৎ উদ্যোগ এবং এর মাধ্যমে অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশকে বুকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে এবং দেশের ২০ কোটি মানুষ যোগ্য হয়ে উঠলে দেশকে বিশ্বের অন্যতম দেশে পরিণত করা সম্ভব। তিনি আরও বলেন, একটি দেশকে এগিয়ে নিতে সরকার ও রাষ্ট্রকে উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হয় এবং প্রধানমন্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম এবং স্বাগত বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনিসুর রহমান। শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন এবং টাঙ্গাইলের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করা হবে।