উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইরাকের সুলায়মানিয়াহতে অনুষ্ঠিত ২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে কম্পাউন্ড মহিলা একক ইভেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের আরচ্যার বন্যা আক্তার। দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় ফাইনালে উঠে এখন স্বর্ণপদকের লড়াইয়ের অপেক্ষায় রয়েছেন বাংলাদেশের এই প্রতিভাবান আরচ্যার। প্রতিযোগিতার কোয়ালিফিকেশন রাউন্ডেও নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়ে ৬৯৬ স্কোর করে কম্পাউন্ড বিভাগে ১ম স্থান অর্জন করেন তিনি।
পরবর্তী ইলিমিনেশন রাউন্ডগুলোতে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে ফাইনালে জায়গা করে নিয়ে দেশের জন্য স্বর্ণপদক জয়ের সম্ভাবনা তৈরি করেছেন বন্যা। সেমিফাইনালে বন্যা আক্তার ১৪২-১৪১ পয়েন্টে জয় পেয়েছেন। অন্যদিকে কম্পাউন্ড মহিলা এককের অপর সেমিফাইনালে কাজাখস্তানের আরচ্যার ১৪৪-১৩৮ পয়েন্টে জয়লাভ করে ফাইনালে জায়গা নিশ্চিত করেন। আগামীকাল অনুষ্ঠিতব্য ফাইনালে বন্যা আক্তার কাজাখস্তানের প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ে নামবেন।
এর আগে এই প্রতিযোগিতায় বাংলাদেশের আরচ্যাররা দলীয়ভাবে সাফল্য দেখিয়েছে। রিকার্ভ পুরুষ দল, কম্পাউন্ড পুরুষ দল, কম্পাউন্ড নারী দল এবং কম্পাউন্ড মিক্সড দল এখন স্বর্ণ পদক জয়ের দ্বারপ্রান্তে। আগামীকাল ও পরশু এই ইভেন্টগুলোর ফাইনাল অনুষ্ঠিত হবে।