উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সংক্রামক রোগের বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা। আজ বুধবার ২৮ অক্টোবর সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। দিবসটি উপলক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে হাত ধোয়ার বীর হোন বা Be a Handwashing Hero।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার গুরুত্ব অপরিসীম। খাবার গ্রহণের আগে ও পরে, শৌচাগার ব্যবহারের পর এবং ময়লা-আবর্জনা স্পর্শ করার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধুলে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি বহুগুণ কমানো সম্ভব। নিয়মিত হাত ধোয়ার এই সহজ অভ্যাস ব্যক্তি, পরিবার ও সমাজের স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের মধ্যে এই অভ্যাস গড়ে তুলতে ব্যাপক জনসচেতনতা তৈরির ওপর জোর দেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও জেলা প্রশাসনের সমন্বয়ে আয়োজিত শোভাযাত্রা পরবর্তী এই আলোচনা সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গাজী ফাতিমা ফেরদৌস। এছাড়া মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলাম এবং সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা জনস্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।