উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) মানিকগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এই প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে জেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে যুবদল, বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় ‘দুর্বার ঐক্য, অগ্রগতি’ স্লোগানসংবলিত ব্যানার হাতে নিয়ে নেতাকর্মীরা সংগঠনের গতিশীলতা ও ঐক্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জিয়ার সৈনিক দল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও জেলা শ্রমিক দলের সদস্য মোঃ ইউনুস খান উপস্থিত ছিলেন। এ ছাড়া অন্যান্যদের মধ্যে মানিকগঞ্জ জেলা যুবদল নেতা মোঃ মেহেদী হাসান রুবেল, মোঃ রাকিব খান ও মোঃ মোতালেব হোসেন এবং ফুকুরহাটি ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোঃ তমিজ উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপির একটি অন্যতম চালিকাশক্তি ও গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে বড় ভূমিকা রাখবে।
সংগঠনের জেলা শাখার নেতারা আশা প্রকাশ করেন, এ কর্মসূচির মধ্য দিয়ে মানিকগঞ্জে যুবদলের সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীরা নতুন উদ্দীপনা নিয়ে এগিয়ে যাবেন।