উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইলের মধুপুরে মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিয়ে প্রতিরোধ ও যানজট নিরসনসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের চতুর্থ তলার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা বক্তব্য দেন। এ সময় মাদকের বিস্তার রোধ, যুবসমাজকে সুরক্ষা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং সড়কে যানজট নিরসন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগে দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
পাশাপাশি মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সকলের সমন্বিত ভূমিকার কথা তুলে ধরা হয়। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।