উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইলের মধুপুরে আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের অধিকার সুরক্ষা, ভূমির মালিকানা, শিক্ষা, কর্মসংস্থান ও মৌলিক সেবায় প্রবেশাধিকার বাড়ানোর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৩ অক্টোবর দুপুরে উপজেলার ভূটিয়ায় আচিক মিচিক সোসাইটির কার্যালয়ে নাগরিক উদ্যোগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা প্রকল্পের আওতায় সভার আয়োজন করা হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক ও নাগরিক উদ্যোগের মধুপুর প্রকল্প সমন্বয়কারী সুলেখা দ্রং এবং ধারণাপত্র পাঠ করেন প্রকল্প কর্মকর্তা ন্যান্সি নকরেক। ধারণাপত্রে বলা হয় ভূমি ও বনভূমি হ্রাস পরিবেশগত পরিবর্তন এবং ভূমিসংক্রান্ত বিরোধের কারণে মধুপুরের আদিবাসী নারীদের ঐতিহ্যবাহী জীবনযাত্রা ও জীবিকা সংকটের মুখে পড়ছে। পাশাপাশি শিক্ষা নিরাপদ কর্মসংস্থান ও সরকারি মৌলিক সেবা পাওয়ার ক্ষেত্রেও তাঁরা নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন।
সভায় উপস্থিত হয়ে আলোচনা করেন মধুপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর কবীর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মফিজুল হক ও গণমাধ্যমকর্মী মো. লিটন সরকার। সভায় মধুপুরের গারো ও কোচসহ আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের আর্থ-সামাজিক সংকট ভূমি ও বনভূমির অধিকার কর্মসংস্থানের অভাব শিক্ষা এবং পারিবারিক সহিংসতার বিষয়গুলো তুলে ধরা হয়। প্রান্তিক নারীদের অধিকার সুরক্ষা ও জীবনমান উন্নয়নে সচেতনতা বৃদ্ধি সরকারি সেবায় সহজ প্রবেশাধিকার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়।