উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে ভাঙচুর চালিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শকৃবি) শিক্ষার্থীরা। পুলিশ ও মেলাসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ওই মাঠে পাশাপাশি দুটি মেলার আয়োজন করা হচ্ছিল। মাসব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবং পাশেই এক সপ্তাহব্যাপী যুব মেলা আয়োজনের প্রস্তুতি চলছিল।
মেলার কাজে যুক্ত ব্যক্তিরা অভিযোগ করেন, আজ সকালে শেকৃবির ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী মাঠে গিয়ে মেলার স্থাপনা ভাঙচুর করেন। ‘গবেষণার মাঠ ফেরত চাই, সচিবালয় নয়’ এই ব্যানারে এ ভাঙচুর চালানো হয়। পুলিশের একটি দল সেখানে উপস্থিত থাকলেও তাঁদের নিবৃত্ত করতে পারেনি। ভাঙচুরে আর্থিক ক্ষতির পাশাপাশি মালামালও নিয়ে যাওয়ার দাবি করা হয়।
দুপুরে সরেজমিনে দেখা যায়, মেলা উপলক্ষে বানানো টিনের বেড়ার একটি অংশ ভেঙে ফেলা হয়েছে এবং মেলার কয়েকটি কাঠের কাঠামো মাটিতে পড়ে আছে। যুব মেলার স্টল নির্মাণের কাজের সঙ্গে যুক্ত ইউসুফ সর্দার বলেন, সরকারের অনুমতি নিয়েই তাঁরা স্টল নির্মাণ করছিলেন। স্টল ভাঙচুর কেন করা হলো এবং এতে তাঁদের দোষ কী, সেই প্রশ্ন তোলেন তিনি।
গতকাল মেলার মাঠে সচিবালয় স্থাপনের জন্য মাটির গুণাগুণ পরীক্ষার কাজ চলছিল। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে গিয়ে মাটি পরীক্ষার যন্ত্রাংশ ও দুটি গাড়ি ক্যাম্পাসে নিয়ে যান। এদিন তাঁরা ক্লাস ও পরীক্ষাও বর্জন করেন এবং মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে একটি স্টিয়ারিং কমিটি গঠন করেছেন।