উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম জানিয়েছেন, রাজধানীর গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত পুরো রাস্তাটি দখলমুক্ত রাখা হবে। এই সড়কের কোথাও কোনো হকারকে বসতে দেওয়া হবে না এবং নির্ধারিত স্থানের বাইরে দোকান বসালে মালামাল জব্দের পাশাপাশি প্রয়োজনবোধে গ্রেপ্তার করা হবে। আজ বুধবার রাজধানীর গুলিস্তানে উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেট–সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ডিএসসিসি।
অভিযান চলাকালে পে-লোডারসহ ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ফুটপাত দখল করে গড়ে তোলা শতাধিক অবৈধ দোকান ও অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, হকারদের জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত, নৈশকালীন মার্কেট ও হলিডে মার্কেট নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং তাঁরা কেবল সেখানেই ব্যবসা করতে পারবেন। মূল রাস্তায় কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি জানান, হকারদের বিভিন্ন মাধ্যমে সতর্ক করা ছাড়াও নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে।
নিয়ম অমান্য করে উচ্ছেদকৃত স্থানে পুনরায় দোকান বসানোর কারণে এখন কঠোর আইনি ব্যবস্থা নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই বলে মন্তব্য করেন প্রশাসক। পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ডিএসসিসি সূত্রে জানা গেছে, আজকের এই বিশেষ উচ্ছেদ অভিযানে সংস্থাটির চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, শতাধিক উচ্ছেদকর্মী এবং ছয় প্লাটুন পুলিশ ফোর্স অংশ নেয়।