উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও অন্যায় সুবিধা বিতরণের প্রতিষ্ঠানে পরিণত না করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। সোমবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) আয়োজনে ১১তম বার্ষিক ব্যাংকিং সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, আর্থিক খাত পুরো অর্থনীতির হৃদপিণ্ড। তাই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যাংকিং ও আর্থিক খাতকে ব্যবহার করা কোনোভাবেই ঠিক হবে না। এটি শেষ পর্যন্ত একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় এবং সরকারকে বিষয়টি গুরুত্বের সাথে অনুধাবন করতে হবে।
তিনি আরও বলেন, ব্যাংকিং খাতের বর্তমান সংকট মোকাবিলায় কিছু ক্ষেত্রে পুনঃঅর্থায়ন ও প্রয়োজনীয় শিথিলতা প্রয়োজন হতে পারে। তবে এক্ষেত্রে যথাযথ সুরক্ষা ব্যবস্থা থাকতে হবে। শুধু নিয়ম দিয়ে সুশাসন নিশ্চিত সম্ভব নয়, এজন্য ব্যাংকার ও উদ্যোক্তাদের মধ্যে ন্যূনতম নৈতিকতা থাকতে হবে।
রাষ্ট্রীয় ব্যাংকের সংস্কার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বেসরকারি ব্যাংকিং খাতে উন্নতি হলেও রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের পুরনো সমস্যাগুলো রয়ে গেছে। রাজনৈতিক সরকারগুলো দীর্ঘদিন ধরে এসব ব্যাংককে সুবিধা বিতরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, যা অর্থনীতির জন্য ক্ষতিকর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জন পিসুমে, বিএবি চেয়ারম্যান মো. আবদুল হাই সরকার এবং এবিবি চেয়ারম্যান মাসরুর আরেফিন। বক্তারা দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।