উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এক কেজি গরুর মাংসের উৎপাদন খরচ ৫৮৭ টাকা ৫০ পয়সা বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে ডিম, দুধ ও মাংসের উৎপাদন খরচের এই তথ্য তুলে ধরা হয়।
বৈঠকে উপস্থাপিত প্রতিবেদনে জানানো হয়, এক কেজি সোনালি মুরগির উৎপাদন খরচ ২৫৩ টাকা, ব্রয়লার মুরগি ১৬১ টাকা ৫৫ পয়সা এবং খাসির মাংসের উৎপাদন খরচ ৮৭৫ টাকা। এছাড়া একটি ডিম উৎপাদনের খরচ ১০ টাকা ৮১ পয়সা এবং এক কেজি দুধের উৎপাদন খরচ ৪৪ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
পরে কমিটি মাছ, মাংস, দুধ ও ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট যাচাই করার সুপারিশ করে। বাজারভিত্তিক তদন্ত ও তদারকি কার্যক্রম পরিচালনার জন্য বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকারের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে।
কমিটির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ অন্যান্য সদস্যরা। সভাপতির বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ।